ছোটো জাতের চেরি টমেটোর খ্যাতি বিশ্ব জুড়ে। পৃথিবীর বিভিন্ন দেশে চেরি টমেটো উত্পন্ন হয়ে থাকে। এই টমেটোকে আঙুর টমেটো বলা হয়ে থাকে। দেখতে অনেকটা চেরি ফলের মতো বলেই এর নামকরণ করা হয় চেরি টমেটো। ১৮০০ সালে পেরু এবং চিলিতে, ১৮১৫ সালে গ্রিসে, ১৯১৯ সালে আমেরিকা এবং পরবর্তীতে পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে জাপান, কোরিয়া এবং থাইল্যান্ডে এর চাষাবাদ শুরু হয়। যা পরবর্তীতে ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। বিভিন্ন দেশে এর রং, আকৃতি, মিষ্টতা, গুণাগুণসহ বিভিন্ন কারণে এর কদর বেশি। এর মিষ্টতা ৯-১০% হলেও আমাদের দেশে তা অনেক বেশি। চেরি টমেটো এখন বাংলাদেশে উত্পন্ন হচ্ছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাভুক্ত সমন্বিত মানসম্পন্ন উদ্যোগ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এর উত্পাদন ও সম্প্রসারণের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গত ৩/৪ বছর আগে থেকে এই প্রকল্পের অধীনে চেরি টমেটোর চাষাবাদ শুরু হয়েছে। যা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই প্রকল্পের অধীনে ৪৩টি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে সারা দেশে এর চাষের ব্যাপারে ব্যাপক তত্পরতা চলছে। টমেটোর অফসিজনে এই টমেটো দেশের বড়ো বড়ো সুপার সপগুলোতে ৫০০ থেকে ৭০০ টাকা দামে প্রতি কেজি বিক্রি হয়ে থাকে। চেরি টমেটো সর্বসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য প্রচেষ্টা চলছে। চেরি টম্যাটো চাষের জন্য আমাদের দেশের জলবায়ু এবং মাটি খুবই উপযুক্ত। সবধরনের মাটিতে চেরি টমেটো চাষ করা যায়। তবে দো-আঁশ ও বেলে দো-আঁশ মাটি বেশি উপযোগী। সাধারণত ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাছে ভালো টমেটো জন্মে। তাই বাংলাদেশে শীতকালে চেরি টমেটো চাষের জন্য উপযুক্ত সময়। বীজ বপনের ১৫-২৫ দিন পর চারা রোপণের উপযুক্ত হয়। চারা রোপণের দূরত্ব সারি থেকে সারি ৬০ সেন্টিমিটার, চারা থেকে চারার দূরত্ব ৪০ সেন্টিমিটার থাকতে হবে। অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে চারা রোপণ করতে হয়। টমেটোর ভালো ফলনের জন্য জমিতে সার প্রয়োগ করতে হবে। গোবর বা কম্পোস্ট সার হেক্টর প্রতি ৫ থেকে ৭ টন, টিএসপি, ইউরিয়ার পরিবর্তে ডিএপি ৪০০ থেকে ৫০০ কেজি, এমপি ২০০ থেকে ৩০০ কেজি প্রয়োগ করতে হবে। তবে পুরোসিজনে ৩-৪ বার এমওপি প্রয়োগ করা ভালো।
গাছের মধ্যে ১-১.৫ ফুট এর মধ্যে কোনো ডাল রাখা যাবে না। মরাপাতা ছাঁটাই করে দিতে হবে। যেহেতু এটি ক্লাইন্বিং টাইপ তাই গাছের জন্য মাচা করে দিতে হয়। প্রয়োজনে জমিতে নিড়ানি দিতে হবে এবং মাটির উপরিভাগ আলগা করে দিতে হবে। ফলে আলো-বাতাস প্রবেশের সুবিধাসহ মাটি রস বেশিদিন ধরে রাখতে পারবে। ৪ থেকে ৬ বার সেচ প্রয়োজন অনুযায়ী দিতে হবে। গাছের পোকা দমনে কীটনাশক প্রয়োগ করতে হয়। চেরি টমেটোর চারা রোপণের পর ৭৫ থেকে ৮০ দিনের মধ্যে ফলন সংগ্রহ করা যায়। এই টমেটো এপ্রিল মাস পর্যন্ত উত্পন্ন হয়ে থাকে।
