‘মনের কথা’

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২০:৪৬

শহরের একটি মেসে থেকে লেখা পড়া করে জোভান। একদিন তাঁর মা ফোন করে জানায় তাঁদের এক আত্মীয় (শেহতাজ) শহরে আসবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, জোভান যেন তাঁকে সহযোগিতা করে। এ কথা শুনে জোভান অনুরোধের ঢেঁকি গেলার মতো অবস্থা নিয়ে রেল স্টেশনে সে মেয়েটিকে রিসিভ করতে যায়, কিন্তু সেখানে গিয়েই ঘটে বিপত্তি। শেহতাজের মোবাইল নম্বরের পরিবর্তে অন্য লোকের নম্বর লিখে গ্যাঁড়াকলে পড়ে। এ দিকে শেহতাজ অসহায় হয়ে রেল স্টেশনে ঘুরতে থাকে।

একটা সময় দেখা হলে একে অন্যকে দোষারোপ করতে থাকে। জোভান শেহতাজকে আনস্মার্ট মনে করে মায়ের অনুরোধ রক্ষা করতে থাকে। কিন্তু ক্রমেই সে শেহতাজের গুণে মজতে থাকে। পদে পদে জোভান শেহতাজের বুদ্ধির কাছে পরাজিত হয়। নাটকের শেষদিকে দেখা যায় জোভান আর নিজেকে ধরে রাখতে পারে না, তাই নিজের মনের কথা  প্রকাশ করে শেহতাজের কাছে। কিন্তু শেহতাজ তা নাটকীয়ভাবে এড়িয়ে যায়।

এ রকম রোমান্টিক গল্প নিয়েই আবর্তিত হয়েছে আরটিভির নাটক ‘মনের কথা’। নাটকটি প্রচার হবে আজ রাত ৮টায়। নাটকটি রচনা করেছেন মো. নজরুল এবং পরিচালনা করেছেন কামরুল ইসলাম খান।