‘মোস্তাফিজ থাকলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে’, আইসিসির এমন চিঠির দাবি আসিফ নজরুলের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে, তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটা চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

সোমবার (১২ জানুয়ারি) বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতে তিনটি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। যার একটি, বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন, মোস্তাফিজ দলে থাকলে তা দলের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দেবে বলে জানানো হয়েছে চিঠিতে।

ফুটবল ও বাফুফের কিছু বিষয় বলার পর তিনি নিজেই ক্রিকেট বিশ্বকাপের প্রসঙ্গ আনেন। তিনি বলেন, ‘আইসিসির সিকিউরিটি টিম একটি চিঠি দিয়েছে। তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, মুস্তাফিজ যদি বাংলাদেশ দলে অর্ন্তভুক্ত হয়, দ্বিতীয়ত বাংলাদেশের সমর্থকরা ভারতে জার্সি পরে ঘোরাফেরা করলে, তৃতীয়ত নির্বাচন যত এগিয়ে আসবে তত বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বৃদ্ধি পাবে।’

আইসিসির এই নিরাপত্তা পর্যবেক্ষণ নিয়ে ক্রীড়া উপদেষ্টার মন্তব্য, ‘আমরা আমাদের শ্রেষ্ঠ বোলার বাদ দিয়ে দল করব, সমর্থকরা জার্সি পরতে পারবে না, ক্রিকেটের জন্য নির্বাচন পিছিয়ে দেব- এর চেয়ে উদ্ভট ও অবাস্তব, অযৌক্তিক কিছু হতে পারে না।’

তিনি আরও বলেছেন, ‘ক্রিকেট খেলার ওপর কারো কোনও মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনও রকম নতি স্বীকার করবো না।’

ইত্তেফাক/এনএ