রংপুরে ‘বিষাক্ত মদপানে’ ৩ জনের মৃত্যু, আটক ১

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ২১:৩৬

রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিষাক্ত মদ (রেকটিফায়েড স্পিরিট) পান করে তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের শ্যামপুর বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন— গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (৩০), একই ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৪০) এবং সদর শ্যামপুর শাহপাড়া গ্রামের জেন্দারুল ইসলাম (৪৫)।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনকে আটক করেছে বদরগঞ্জ থানা পুলিশ। পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে নিহত তিনজনসহ কয়েকজন মাদকসেবী শ্যামপুর এলাকার মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনের কাছ থেকে রেকটিফায়েড স্পিরিট কিনে সেবন করেন। এর কিছু সময় পর তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের মৃত্যু হয়। অন্য কয়েকজন অসুস্থ অবস্থায় আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ী জয়নুল আবেদিনকে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত কর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এপি