ডিসেম্বরে দ্বিগুণ শয্যায় চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:১৪

রংপুরে ১০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ২০০ শয্যায় উন্নীত করে চালু হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধনের কথা রয়েছে। হাসপাতালটি চালু হলে বিভাগের শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা সুযোগ বাড়বে। অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শিশু হাসপাতাল নির্মাণের পর জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে হাসপাতালটিতে পুরো চিকিৎসাসেবা শুরু করা যায়নি। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে বহির্বিভাগে অস্থায়ী চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, রংপুরসহ দেশের পাঁচটি শিশু হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত করা হয়েছে। খুলনা, বরিশাল, রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে ২০০ শয্যার হাসপাতাল চালু হবে। এ লক্ষে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার ও কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনের মতো প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পরিকল্পনা রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, রংপুর আধুনিক শিশু হাসপাতালটি চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে নার্স নিয়োগ দেওয়া হয়েছে। উপ-পরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তাকে ২৯ নভেম্বরের মধ্যে যোগ দিতে বলা হয়েছে। এ ছাড়া   সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্ট এবং মেডিকেল অফিসার পদে দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন হবে। শিশু হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগীদের দীর্ঘদিনের শয্যা সংকট ও ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা বলেন, শিশু হাসপাতালটিতে নতুন উপ-পরিচালক নিয়োগের কথা শুনেছি। ইতোমধ্যে কিছু সরঞ্জামও এসেছে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মেশকাতুল আবেদ বলেন, হাসপাতালটি সম্প্রতি ২০০ শয্যায় উন্নীত করা হয়েছে। তাই প্রয়োজনীয় পদ সৃষ্টি ও বাজেট দ্বিগুণ করা হয়েছে। ইতোমধ্যে ১২ জন নার্স যোগ দিয়েছেন। চিকিৎসক নিয়োগের জন্য পাঁচ থেকে ছয় জনের তালিকা পাঠানো হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক আগামী সপ্তাহের মধ্যে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। হাসপাতালের প্রয়োজনীয় আসবাবপত্র পৌঁছেছে। যন্ত্রপাতি কেনার কাজ করছে সিএমএসডি। বিভিন্ন দপ্তরে কর্মরত অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীদেরও এখানে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনতলা ভবনটি ৬ তলায় উন্নীত করার কাজ শুরু হবে।

ইত্তেফাক/এপি