ইংল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ছয় ম্যাচ খেলে চারটি জয় পেয়েছে বাংলাদেশ। একটি হার ও একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বাংলাদেশ যুবদল ফাইনালে খেলা নিশ্চিত করেছে। আগামী ১১ আগস্ট ব্রাইটনে অনুষ্ঠিত হবে ফাইনাল।
গত বৃহস্পতিবার রাতে স্বাগতিক ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আকবর আলীর দল। ট্রফি জয়ের মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত বা ইংল্যান্ড। তবে ভারতের সম্ভাবনাই বেশি। ৫ ম্যাচে দুটি জয়ে তাদের পয়েন্ট ৫। সমান সংখ্যক ম্যাচে স্বাগতিকদের জয় মাত্র একটি। তাদের ঝুলিতে আছে ২ পয়েন্ট। ভারতকে টপকে ফাইনালে আসতে হলে নিজেদের শেষ তিন ম্যাচেই জিততে হবে ইংল্যান্ড যুবদলকে। বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ যুবদল। ওপেনার তানজিদ হাসানের সেঞ্চুরির পরও ৪৭.১ ওভারে ২২৪ রানে অলআউট হয় টাইগার জুনিয়ররা। মূলত তানজিদের ব্যাটেই আবর্তিত হয়েছে বাংলাদেশের ইনিংস। ১৮ রানে পারভেজ হোসেন ইমন (৪) ফেরার পর দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ১০৮ রানের জুটি গড়েন তানজিদ। তৃতীয় উইকেটে তৌহিদ হূদয়ের সঙ্গেও ৭৮ রানের জুটি গড়েন তিনি। দলীয় ২০৪ রান ফিরেন তানজিদ। ১১৩ বলে ১১৭ রানের (১৬ চার, ২ ছয়) ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি।
তানজিদ ফেরার পর ধস নামে ব্যাটিং লাইনে। মাত্র ২০ রানে বাকি ৭ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মাহমুদুল হাসান ৪১, তৌহিদ হূদয় ৩১, অধিনায়ক আকবর আলী ১১ রান করেন। ইংল্যান্ডের কিম্বার পাঁচটি, কুলেন-হিল একটি করে উইকেট নেন। জবাবে বাংলাদেশের বোলিং তোপে ৩৯ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ৫১ রানে ৫ উইকেটে হারিয়ে বিপদে পড়ে ইংলিশরা। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি তারা। স্বাগতিকদের পক্ষে হেন্স ৪০, বিন ৩০, বালডারসন ১৮, মুসলে ১৭, কিম্বার ১১ রান করেন। বাংলাদেশের তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান তিনটি করে, শাহীন আলম-মৃত্যুঞ্জয় চৌধুরী দুটি করে উইকেট নেন।
আগাম ৫ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ও ৭ আগস্ট ভারতের বিরুদ্ধে প্রথম পর্বের শেষ দুটি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ যুবদল।
