এবারের নির্বাচন দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের অনন্য দৃষ্টান্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বলেন, গণতন্ত্রের কিছু মৌলিক অধিকার আছে, সেই অধিকার প্রতিষ্ঠা হলেই শান্তিতে বিজয় সম্ভব। এই অধিকার রক্ষায় তিনি সকলকে দলের বিভাজন ভুলে একসাথে প্রচেষ্টা চালাতে আহ্বান জানান।
গতকাল বুধবার স্থানীয় একটি হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই)-এর সম্মাননা ‘চ্যাম্পিয়ন অব পিস’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি ইউএসএআইডি এবং ইউকেএইড এর যৌথ অর্থায়নে ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্ক্যাপ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড:হাসান মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ ও ড: আবদুল মঈন খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের ৩৯ জন নেতাকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা জানানো হয়।
