ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে একই গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জিতু মিয়া (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া ওই গ্রামের মৃত আলাই মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধরমন্ডল গ্রামের সাবেক ইউপি সদস্য জিতু মিয়ার গোষ্ঠী এবং মরহুম মিয়াজ উদ্দিন মেম্বারের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলাও চলমান রয়েছে। সোমবার বিকেলে পূর্বের বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই সাবেক ইউপি সদস্য জিতু মিয়া নিহত হন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হবিগঞ্জ ও মাধবপুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বের ঘটনার জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।
