দিবালাকে ইউনাইটেডে যাওয়ার পরামর্শ রোনালদোর

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:০৪

পাওলো দিবালা এবং রোমেলু লুকাকুকে অদল-বদল করতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাস—এমন গুঞ্জনে বেশ কিছুদিন ধরেই মুখর ইংলিশ ও ইতালীয় সংবাদমাধ্যম। এবার ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানাচ্ছে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের এই দলবদলে পরামর্শ আছে জুভেন্তাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোরও। রোনালদোর মতে, চ্যাম্পিয়ন খেলোয়াড় হতে হলে ইউনাইটেডেই যেতে হবে দিবালাকে।

ইংলিশ পত্রিকাটি জানাচ্ছে, বৃহস্পতিবার ক্লাবে ফেরার পর ওল্ড ট্র্যাফোর্ড যাত্রার ব্যাপারে রোনালদোর পরামর্শ চেয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। রোনালদো ইতিবাচক উত্তরই দিয়েছেন। জানিয়েছেন, জুভেন্তাসে টানা চারটি লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন খেলোয়াড় হতে হলে, নিজেকে প্রমাণ করতে হলে প্রিমিয়ার লিগেই যেতে হবে তাকে।   রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যাওয়ার পর আরো শক্ত ব্যক্তিত্বসম্পন্ন ভূমিকা পালন করছেন ইতালীয় ক্লাবটিতে। উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়ে ম্যাথিয়াস ডি লিখটকে জুভেন্তাসে যোগ দেওয়ার আহ্বান জানান রোনালদো। পরে জুভেন্তাসে যোগ দেয়ার পর আয়াক্স ডিফেন্ডার জানান, রোনালদোর আহ্বানেই জুভেন্তাসে আসার ব্যাপারে উদ্বুদ্ধ হয়েছিলেন তিনি। এবার আরেকটি দলবদলেও বড়ো ভূমিকা রাখতে যাচ্ছেন রোনালদো।

এদিকে রোনালদো আসার পর জুভেন্তাসে গুরুত্ব হারিয়েছেন দিবালা। তাই এবার অন্য কোনো ক্লাবে নিজেকে প্রমাণ করতে চান তিনি। রোনালদোর পরামর্শমতে, ম্যানচেস্টারই তার যোগ্য স্থান। তার ওল্ড ট্র্যাফোর্ড যাত্রায় এবার রোনালদোর সায় নিশ্চিতভাবেই দিবালার মনে সব সংশয় দূর করে দেবে। ২০১৫-১৬ মৌসুমে পালের্মো থেকে জুভেন্তাসে যোগ দেয়ার পর ১৮২ ম্যাচে ৭৮ গোল করেছেন দিবালা।

তবে দিবালা-লুকাকু অদল বদল চুক্তিতে ইউনাইটেড ও জুভেন্তাস সম্মত হলেও দুই খেলোয়াড়ের বেতনে থাকছে বড় ফারাক। গোল ডটকম জানাচ্ছে, জুভেন্তাসে বাত্সরিক নয় মিলিয়ন ইউরো আয় করবেন লুকাকু। অন্যদিকে, ইউনাইটেডের সঙ্গে দিবালা বেতন সংক্রান্ত বিষয়ে এখনো কোনো সম্মতিতে পৌঁছাননি। তবে ইতালীয় ক্রীড়া দৈনিক সালসিও মার্কেতোর মতে, সংখ্যাটা ১৫ মিলিয়নের আশপাশে হওয়ার সম্ভাবনা প্রবল।