ব্রাজিলের অধিনায়ক দানি আলভেজ পিএসজি থেকে ব্রাজিলীয় ক্লাব সাও পাওলোয় যোগ দিয়েছেন। ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় বিনা মূল্যেই আলভেজকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
৩৬ বছর বয়সি এই রাইটব্যাক ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে থাকছেন। ২০০২ সালে সেভিয়ার উদ্দেশে ব্রাজিল ছাড়ার পর ১৭ বছর ইউরোপীয় ক্লাবে খেলেছেন আলভেজ। এই সময়ে সেভিয়া, বার্সেলোনা, জুভেন্তাস ও পিএসজি এবং জাতীয় দলের হয়ে ৪০টি শিরোপা জিতেছেন তিনি। একজন খেলোয়াড়ের পক্ষে এত বেশি শিরোপা জেতার নজির নেই আর কারোরই!
পিএসজির সঙ্গে দুই মৌসুমের চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আর চুক্তি নবায়ন করেননি আলভেজ। গুঞ্জন আছে, ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়ার পর বার্সেলোনায় খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে বার্সেলোনা তার এই প্রস্তাবে রাজি হয়নি। অগত্যা ব্রাজিলীয় লিগেই ফেরার সিদ্ধান্ত নেন তিনি।
ব্রাজিল অধিনায়ককে দলে ভিড়িয়ে উচ্ছ্বাসে ভাসছে সাও পাওলো। ক্লাবটির সভাপতি অগাস্তো দে বারোস এ সিলভা আলভেজকে ‘ফুটবল বিশ্বের অন্যতম নেতৃস্থানীয় খেলোয়াড়’ বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, ‘দারুণ পেশাদারিত্ব, দলের প্রতি নিবেদন এবং শিরোপা জয়ের তীব্র ক্ষুধার জন্য পরিচিত আলভেজ।’
সাও পাওলোর সভাপতি আরও বলেন, ‘ক্লাবের ম্যানেজমেন্ট সাও পাওলোর জন্য যেসব ব্যাপার কল্পনা করে, আলভেজ তারই প্রতিচ্ছবি। সে সামাজিকভাবে যুক্ত এক নাগরিক এবং আমাদের দেশ নিয়ে সে বেশ আবেগীও। এ কারণেই সাও পাওলো প্রতিটি ক্ষেত্রে জিতে গেছে। আমি একদিন দানিকে বলেছিলাম যে সে একদিন সাও পাওলোয় খেলবে। আজ আমি দারুণ আনন্দ নিয়ে বলছি যে আমি আমার কথা রেখেছি।’
