সুন্দরবনের কচিখালীতে ফাঁদ ও ট্রলারস তিন হরিণ শিকারি আটক

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৩:২৩

সুন্দরবনের কচিখালীতে তিন হরিণ শিকারি আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে একটি ট্রলার, ৬০০ ফুট হরিণধরার মালা ফাঁদ, একটি ককশিট, দুইটি ছুরি ও অন্যান্য শিকার সরঞ্জাম জব্দ করা হয়।

আটক শিকারীদের বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাত ১০টার দিকে নদীতে নিয়মিত টহলের সময় সুকপাড়া এলাকায় একটি ট্রলারকে থামানোর সংকেত দেওয়া হলে ট্রলারটি সুন্দরবনের পাশে ভিড়ে চারজন শিকারী লাফিয়ে ভেতরে পালিয়ে যায়। আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।

জব্দকৃত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে হরিণধরার মালা ফাঁদ, ককশিট, ছুরি ও প্লাস্টিকের বস্তা। আটকরা হলেন অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। এদের বাড়ি পাথরঘাটার কোড়ালিয়া গ্রামে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটকরা দীর্ঘদিন ধরে হরিণ শিকারি হিসেবে পরিচিত। মঙ্গলবার রাতে তারা পুনরায় শিকারের প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি