বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে গতকাল শুক্রবার শুরু হয়েছে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার আয়োজনের দুই দিনের ‘সমুখে শান্তি পারাবার’ শিরোনামে গানে গানে রবীন্দ্র স্মরণানুষ্ঠান। শাহবাগের সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই আয়োজনের প্রথম দিনে দেশের প্রখ্যাত সংগীতগুরু ও বাংলা খেয়ালের স্রষ্টা ড. আজাদ রহমানকে ‘রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা স্মারক সম্মাননা’ তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারক তুলে দেন উদ্বোধক বরেণ্য সাংবাদিক কামাল লোহানী। এর আগে স্বাগত বক্তব্য দেন সংস্থার সহসভাপতি মকবুল হোসেন। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শিল্পী তপন মাহমুদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ সম্মাননা দেওয়ার কথা ছিল। কিন্তু সে সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সমবেত কণ্ঠে এ সংগীতের মধ্য দিয়ে। এরপর অর্ধশতাধিক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান পরিবেশন করেন। ছিল বেশ কয়েকজন আমন্ত্রিত অতিথি শিল্পীর কণ্ঠে গান ও কবিতা আবৃত্তি। প্রথম দিনে একক পরিবেশনায় অংশ নেন—সালমা আকবার, দীপা চৌধুরী, রাবিতা সাবাহ, সীমা সরকার, মাহজাবীন রহিম মৈত্রী, মিতা দে, তনুশ্রী ভট্টাচার্য, আঁখি হালদার, মীরা মণ্ডল, সুবাহ আকবর, সুমা রায়, রুমঝুম বিজয়া রিসিল, সাজেদ আকবর, গোলাম হায়দার, জয়ন্ত আচার্য্য, শফিকুর রহমান, বিষ্ণু মণ্ডল, নকুল চন্দ্র দাস, জীবন চৌধুরী, মতিউর রহমান, অভিক দে, আবদুর রশিদ, কাজল মুখার্জি, সাগরিকা জামালী, রমা মণ্ডল, খোকন দাস, বনানী দত্ত, তন্বী সাহা প্রমুখ।
শিল্পীরা পরিবেশন করেন—আমার নিশীথ রাতের বাদল ধারা, মাঝে মাঝে তব দেখা পাই, তোমার অসীমে প্রাণমন লয়ে, তুমি নব নব রূপে এসো, নয়ন তোমারে পায় না দেখিতে, আমার প্রাণের পরে, কত বার ভেবেছিনু, নিবিড় ঘন আঁধারে, জীবন-মরণের সীমানা, শ্রাবণ বরিষন পার হয়ে, দিনগুলি মোর সোনার খাঁচায়, ভরা থাক স্মৃতির সুধায়, ওগো তুমি পঞ্চদশী, আসা যাওয়ার পথের ধারে, পথের শেষ কোথায়, মাটির বুকের মাঝে, আমার এ পথ চাওয়াতেই আনন্দ, আমি বহু বাসনায়, লহো লহো তুমি লহো, আমার যাবার বেলা প্রভৃতি গান।
আজ শনিবার সমাপনী দিনে সন্ধ্যা ৬টায় একক সংগীত পরিবেশন করবেন তপন মাহমুদ, বুলা মাহমুদ, পীযূষ বড়ুয়া, প্রমোদ দত্ত, মাখন হাওলাদার, মহাদেব ঘোষ, মামুন জাহিদ খান, তানজিমা তমা, সর্ব্বানী চক্রবর্তী, অনিন্দিতা রায়, লিলি ইসলাম, রমা বাড়ৈ, কনক খান, নির্ঝর চৌধুরীসহ আরো অনেকে। অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।
