ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই গ্রামের আব্দুর রহমান (২৩)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি ভৈরবের দিকে যাচ্ছিল। পথে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর ব্রিজের কাছে সিলেটগামী একটি ট্রাক সেটিকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন দুই আরোহী। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী আব্দুর রহমানকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতালে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।
