তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ মানবিক বিবেচনায় সার্বক্ষণিক ডেঙ্গু রোগীদের পাশে থাকার জন্য চিকিত্সকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চত্বরে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধনকালে তিনি আরো বলেন, ‘বেশির ভাগ চিকিত্সক মানবিক বিবেচনায় ডেঙ্গু রোগীদের পাশে দাঁড়িয়েছেন, তবে চিকিত্সকদের একটি মহল ডেঙ্গুকে মহামারি হিসেবে ব্যবহার করে ব্যবসার চেষ্টা করছেন।’
হাছান মাহমুদ বলেন, চিকিত্সক নেতাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে, যাতে কেউ ডেঙ্গুকে মহামারি হিসেবে ব্যবহার করে ব্যবসা করতে না পারে। তিনি বলেন, স্বাধীনতা চিকিত্সক পরিষদ ইতিমধ্যেই জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সদস্যদের নির্দেশনা দিয়েছে, প্রয়োজনে তারা বিনা ফিতে ডেঙ্গু রোগীদের চিকিত্সা দেবে।
ড. হাছান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে, তবে প্রত্যেককেই নিজ নিজ বসতবাড়ির চত্বর এবং আশপাশ এলাকা পরিচ্ছন্ন করতে হবে । পাশাপাশি মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করতে হবে—যাতে এডিস মশার বিস্তার না ঘটে।
তথ্য সচিব আব্দুল মালেক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম এবং চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন।
