হাজারীবাগের গণকটুলী লেনের একটি হোটেলে গ্যাস লিকেজ থেকে আগুন ধরে তিন জন দগ্ধ হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ তিন জন হলেন—হোটেলের মালিক শাহিদ, তার বাবা জয়নাল আবেদীন ও হোটেলের কর্মচারী সজীব।
দগ্ধ শাহিদের ভাই মো. শাহিন জানান, গণকটুলী লেনের ৩৪/এল নম্বর বাসায় তারা থাকেন। বাসার পাশে শাহিদের খাবারের হোটেল। দুপুরে হোটেলে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের পাইপ ছুটে যায়। এরপর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। পরে তারা তিন জন পাইপটি ঠিক করে লাগানোর চেষ্টা করলে হঠাত্ আগুন ধরে যায়। এতে তারা তিন জনই দগ্ধ হয়।
চিকিত্সকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আবদুল খান জানান, শাহিদের শরীরের ৪০ শতাংশ, জয়নালের ৬৫ শতাংশ ও সজীবের আট শতাংশ দগ্ধ হয়েছে। তারা তিন জনই হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।
