ইত্তেফাক রিপোর্ট
সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং পাঁচটি ব্যাংকের সাথে গতকাল গুলশানস্থ নগর ভবনে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্যাংকগুলো হচ্ছে সোনালী ব্যাংক লি., জনতা ব্যাংক লি., প্রাইম ব্যাংক লি., ডাচ বাংলা ব্যাংক লি. এবং মার্কেন্টাইল ব্যাংক লি.। এ উপলক্ষে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত মেয়র মোঃ জামাল মোস্তফা বলেন, এর ফলে এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখন মানুষ ঘরে বসেই হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি জমা দিতে পারবেন। মানুষের সময়, শ্রম, অর্থের সাশ্রয় হবে। তিনি আরও বলেন, নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা প্রদানে ডিএনসিসি অঙ্গীকারাবদ্ধ। সেবা সহজীকরণের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সভাপতির বক্তব্যে ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম বলেন, উন্নত বিশ্বের মতো আমরাও ‘পেপারলেস অফিস’, ‘ক্যাশলেস ট্রানজেকশন’ এর দিকে যাচ্ছি। অনলাইনে হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ের মধ্য দিয়ে নাগরিকদের বিড়ম্বনা দূর হবে; সিটি করপোরেশনের উপরও আস্থা বৃদ্ধি পাবে”। ডিএনসিসি’র সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, “সেবা আপনার কাছে যাবে, আপনাকে সেবার কাছে যেতে হবে না- এ ধরনের ভাবনা থেকে এই উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরবান পাবলিক এন্ড এনভায়রনমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট এর উপ-প্রকল্প পরিচালক উত্তম কুমার কর্মকার, ডিএনসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা মোঃ আবদুল হামিদ মিয়া, সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মোঃ আবদুল গফুর, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক খন্দকার আতাউর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মশিহুর রহমান, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ ও ডাচ-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার মোঃ মঞ্জুর মফিজ উপস্থিত ছিলেন।
