খেলা বয়কটের সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা, নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১৪:৫৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে বিপিএলের ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিসিবির পরিচালকের পদত্যাগ না করা পর্যন্ত মাঠে না ফেরার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ক্রিকেটাররা। এতে অনিশ্চয়তায় পড়েছে বিপিএলের ঢাকা পর্ব।

মিরপুরে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ খেলতে এখনো মাঠে আসেনি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা।

সিলেট পর্ব শেষে দুই দিন বিরতির পর আজ ঢাকায় শুরু হওয়ার কথা বিপিএল। মিরপুরে দুপুর ১টায় মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু নাজমুল ইস্যুতে বিপিএলের ঢাকা পর্বের শুরু এখন অনিশ্চয়তায় পড়েছে। ফলে আজ দুপুরে বিপিএলের নোয়াখালী এক্সপ্রেস-চট্টগ্রাম রয়্যালস ম্যাচ নাও হতে পারে।

এদিকে আজ সকালে কোয়াব সভাপতির ঘোষণার পরিপ্রেক্ষিতেই বিসিবি এক মিডিয়া বিজ্ঞপ্তিতে নাজমুলের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ ও ৪৮ ঘণ্টার মধ্যে তার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে জানিয়েছে। ২০২৬ বিপিএলের শেষটা যেন ভালোভাবে হয়, বিসিবি তাই শাস্তির ব্যবস্থা নিচ্ছে বিসিবি।

বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তির পর জানা যায়, আজ বেলা ১টায় বনানি হোটেলে সংবাদ সম্মেলন করবেন কোয়াব সভাপতি মিঠুন। এ সময়ই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হওয়ার কথা নোয়াখালী-ঢাকা ম্যাচ। সাধারণত ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে টিম বাস আসার কথা। কিন্তু ১২টা পেরিয়ে গেলেও কোনো দলের টিম বাস আসেনি। সব ক্রিকেটাররা বনানি শেরাটন হোটেলে যাচ্ছেন।

যদি বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলে, সে ক্ষেত্রে স্বাভাবিকভাবেই বিসিবির কোটি কোটি টাকা রাজস্ব হারানোর শঙ্কা রয়েছে। 

চ্যাম্পিয়ন, রানার্সআপের হিসাব বাদ দিলেও অংশগ্রহণ করলে আইসিসি দলগুলোকে ন্যুনতম একটা ফি দিয়ে থাকে। গতকাল এ প্রসঙ্গে বিসিবিতে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের নাজমুল বলেন, ‘আমরা তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি। তোমাদের পেছনে যত টাকা খরচ করেছি, এই টাকা তোমাদের কাছ থেকে নিতে থাকি। তোমরা ফেরত দাও। সেই টাকা কি তাদের কাছে ফেরত চাচ্ছি নাকি?’

এর আগে, মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পর বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা জোরালো হয়েছে। 

এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, বাংলাদেশ দলের বিশাল বহরকে কীভাবে নিরাপত্তা দেওয়া হবে-এই প্রশ্ন তুলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলটসহ অনেকেই। ভারত থেকে সরিয়ে বিশ্বকাপের আরেক আয়োজক শ্রীলঙ্কায় লিটনদের ম্যাচ আয়োজনের ব্যাপারে আলাপ-আলোচনা চললেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আজ বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কিছু নেই। বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক, এখানে বোর্ডের লাভ-ক্ষতির কোনো বিষয় নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য।’

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মিঠুন।

 

ইত্তেফাক/এনটিএম