খানাখন্দে ভরা হাওড়াবাড়ী সড়ক

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:২৪

বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের পশ্চিম আউয়ার হাওড়াবাড়ী সড়কের বেহাল দশায় ঝুঁকিতে চলাচল করছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজারো গ্রামবাসী।

সরেজমিনে দেখা যায়, সড়কটি জঙ্গল আর খানাখন্দে পরিপূর্ণ। প্রায় দেড় যুগ আগে নির্মিত রাস্তাটির মেরামতের দায় যেন কারো কাঁধেই পড়ে না বলে এলাকাবাসীর অভিযোগ। বিশেষ করে গ্রামের দূর-দূরান্ত থেকে আসা পশ্চিম আউয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে আসতে হয়। অভিভাবকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে ঝুঁকিপূর্ণ সড়কটি।

ঐ প্রতিষ্ঠানের সভাপতি তানভীর আহমেদ (বাবু) ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান (বাদল) জানান, আমাদের এ শিক্ষাপ্রতিষ্ঠানের চলাচলের একমাত্র রাস্তাটির দুই পাশে জঙ্গল ও বিভিন্ন জায়গায় ভাঙাসহ খালে পরিণত হয়েছে। এ রাস্তায় শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বে অনেক শিক্ষার্থী স্কুলে আসার পথে দুর্ঘটনায় হাত-পা কেটে ফেলেছে।

এ ব্যাপারে ঐ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাওড়াবাড়ী রাস্তার অবস্থা এতটা খারাপ আমি জানতাম না।