ইত্তেফাক রিপোর্ট
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুর ও জামালপুরে দায়েরকৃত মানহানির দুটি মামলার যাবতীয় কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে মামলা দুটি কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ সংক্রান্ত দুটি আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। এছাড়া মইনুল হোসেনকে ছয় মাসের জামিন দিয়ে নিম্ন আদালতের মামলার নথি তলব করেছে হাইকোর্ট। প্রসঙ্গত গত ২৩ অক্টোবর মইনুল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
গত ১৬ অক্টোবর একটি বেসরকারি টিভি টকশোতে কথপোকথনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে একাধিক মানহানির মামলা করা হয়। এর মধ্যে রংপুর ও জামালপুরে করা দুটি মামলার বিচার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। আবেদনের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শুনানিতে বলেন, আইনের বিধান অনুযায়ী যিনি সংক্ষুব্ধ তিনি মানহানির মামলা করতে পারেন। অন্য কেউ মামলা করতে পারেন না। এই দুটি মামলা করেছেন একটি রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের দু’জন ব্যক্তি। আইনানুযায়ী তাদের মামলা করার কোন সুযোগ নেই। আদালত আমাদের শুনানি গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছে।
