বিপিএলের স্থগিত ম্যাচের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৩

বিপিএলের ঢাকা পর্বে ম্যাচ বাতিল হওয়ায় মাঠে এসে হতাশ হয়ে ফেরা দর্শকদের জন্য স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জানুয়ারির নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ায় ওই দিনের টিকিট কেনা দর্শকদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।

বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামের ঘটনায় ক্রিকেটারদের দেওয়া আলটিমেটামের কারণে বিপিএল ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা থাকলেও ১৫ জানুয়ারির দুটি ম্যাচ মাঠে গড়ায়নি। এতে আগে থেকে টিকিট কেটে মাঠে আসা দর্শকদের ফিরে যেতে হয় খেলা না দেখেই।

এই পরিস্থিতিতে বিসিবি জানিয়েছে, ১৫ জানুয়ারির ম্যাচের জন্য যারা টিকিট কিনেছিলেন, তারা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত পাবেন। 

পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৫ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি, ১৬ জানুয়ারির ম্যাচগুলো হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। তবে ১৬ জানুয়ারির ম্যাচের জন্য যারা আগে থেকেই টিকিট কিনে রেখেছেন, তারা সেই টিকিট দিয়েই ১৬ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন।

অন্যদিকে, ১৭ ও ১৮ জানুয়ারির ম্যাচ দেখতে চাইলে দর্শকদের আলাদাভাবে টিকিট সংগ্রহ করতে হবে। আর ১৫ জানুয়ারির টিকিট কেনা দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

টিকিটের অর্থ ফেরত নিতে দর্শকদের www.gobcbticket.com.bd/en ওয়েবসাইটে প্রবেশ করতে অথবা +880 9606-501231 নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে ক্রিকেট বোর্ড।

ইত্তেফাক/আইএ