বন্যায় ভেঙে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে গেছে নাগেশ্বরী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব সাঞ্জুয়ারভিটা সড়ক। এতে দুর্ভোগে পড়েছে পথচারী।
পূর্ব সাঞ্জুয়ারভিটা সড়কে চলাচল করে সাঞ্জুয়ারভিটা, সেনপাড়া, অন্তাইপাড়, ধনিটারী, বোয়ালেরডারা গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। ১০ বছর আগে দুই কিলোমিটার দীর্ঘ এ সড়কের নাগেশ্বরী বাজার থেকে মহসিন কেরানীবাড়ি পর্যন্ত পাকা করা হলেও বাকি এক কিলোমিটার এখন কাঁচা। গত ২৩ বছরে এর কোনো সংস্কার হয়নি। প্রতিবছর বন্যায় এর উপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হওয়ায় তা ক্ষয়ে নিচু হয়ে গেছে। এখন বর্ষায় টানা বৃষ্টিতে সড়কে পানি উঠে বন্ধ হয়ে গেছে চলাচল। আর বন্যায় এর ওপর দিয়ে ৩-৪ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাড়িতে অবরুদ্ধ জীবন কাটায় এ সড়কে চলাচলকারীরা। এবারো এর ব্যতিক্রম হয়নি।
স্থানীয় মনছুর আলী, আব্দুর রশিদ খোকন, বাবলু মিয়া, শহিদুল ইসলাম, আব্দুর রশিদ ও বাচ্চু মিয়া বলেন, আমরা প্রথম শ্রেণির পৌরসভায় বসবাস করেও নাগরিক সুবিধা বঞ্চিত। একমাত্র সড়কের কারণে বর্ষা এলেই দুর্ভোগে পড়ি। তাই দুর্ভোগ নিরসনে তারা দ্রুত সড়কটি উঁচু ও পাকা করার দাবি জানিয়েছেন।
৩ নং ওয়ার্ড কমিশনার জামাল উদ্দিন বলেন, মেয়রকে বলেছি। তিনি কথা দিয়েছেন ঈদের পর সড়কটি সংস্কারের চেষ্টা করবেন।
