থাইল্যান্ডের ব্যাংককে চলছে নারী ও পুরুষ সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। পুরুষ বিভাগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় হারের তেঁতো স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরেছে রাহবার খানের দল।
শুক্রবার (১৬ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে মালদ্বীপ। প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৪ বার বল পাঠায় তারা। দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। কয়েকটি গোলের সুযোগ তৈরি তার।

তবে আরও দুটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। মালদ্বীপের জালে মাত্র একবার বল পাঠাতে সক্ষম হয় তারা। শেষ পর্যন্ত ৬-১ গোলের হার নিয়ে মাঠে ছাড়ে বাংলাদেশ।
দুই ম্যাচ খেলে এখনও জয়শূন্য পুরুষ দল। তবে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সাবিনার জোড়া গোলে ভারতকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে নারী ফুটবলাররা।

