ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ভোরে অভিযোগটি জমা দেয়া হয়েছে এবং পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে। হত্যাকাণ্ডের পর উপজেলার পরিবেশ থমথমে হয়ে উঠেছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজার এলাকায় নজরুল ইসলাম (৪০) নামের এক সমর্থককে ছুরিকাঘাত করা হয়। তিনি দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা বিএনপির অন্য প্রার্থীর সমর্থক ছিলেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, নিহত নজরুল ইসলামের ছেলে মো. সোলাইমান ৩৮ জনকে আসামি হিসেবে নাম উল্লেখ করেছেন, এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০-২২ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বিএনপির প্রার্থী সৈয়দ এমরান সালেহর নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে আদম আলী (৫৪) ও দুলাল মিয়া (৫৩) নামে দুই জনকে গ্রেপ্তার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ময়মনসিংহ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী করা হয়েছে সৈয়দ এমরান সালেহকে। কিন্তু দলের মনোনয়ন না পাওয়ায় উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘদিন ধরে দুই নেতা আলাদা রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন এবং নজরুল ইসলাম সালমান ওমরের সমর্থক ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার এরশাদ বাজারে সালমান ওমরের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। উদ্বোধনের কিছুক্ষণ পর বিএনপির প্রার্থীর সমর্থকরা হামলা চালান। এ সময় কার্যালয়ের সামনে উপস্থিত নজরুল ইসলামের ওপর ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
