ভোররাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬

মাদারীপুরের সদর উপজেলায় হাবিব মাতুব্বর (৩৫) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী শিউলি বেগমের (২৯) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিউলিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতের দিকে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দিয়াবাড়ি মাতুব্বর বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই প্রবাসী হাবিব মাতুব্বর ও তার স্ত্রী শিউলি বেগমের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। হাবিব মাতুব্বরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন তার স্ত্রী শিউলি বেগম। এ নিয়ে কয়েকদফায় সালিশও হয়। সর্বশেষ শনিবার ভোর রাতে শিউলি বেগম তার স্বামী হাবিবের পুরুষাঙ্গ কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

মাতুব্বরের চাচতো ভাই হৃদয় মাতুব্বর জানান, রাতে খাওয়া-দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। ভোর রাতে চিৎকারের আওয়াজে সবার ঘুম ভাঙে। আমরা ছুটে গিয়ে দেখি আমার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দিয়েছে তার স্ত্রী শিউলি বেগম। আমরা তাকে উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেন চিকিৎসকরা।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। সেখান থেকে একটি ব্লেডসহ অভিযুক্ত শিউলি বেগমকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি