ভোজ্য তেল উত্পাদন ও বাজারজাতে দুর্নীতি বন্ধে দুদকের অভিযান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ২২:১৬

ইত্তেফাক রিপোর্ট

ভোজ্য তেলের উত্পাদন ও বাজারজাতকরণে নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে বিএসটিআইসহ রাজধানীর কয়েকটি বাজারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে দুদকের পৃথক দুটি টিম গত সোমবার ও মঙ্গলবার এ অভিযান চালায়।

দুদক সূত্র জানায়, দুদক টিম বিএসটিআই কার্যালয়ে অভিযান চালিয়ে জানতে পারে বাংলাদেশে ভোজ্য তেল উত্পাদনকারী/মোড়কজাতকারী প্রতিষ্ঠানের সংখ্যা ৬২টি। তন্মধ্যে বৈধ লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৮টি এবং প্রক্রিয়াধীন রয়েছে ৩টি যথা : সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস ও গ্লোব এডিবল অয়েল লিমিটেড। এছাড়া মজোলা ও মদিনা ব্র্যান্ডের তেল উত্পাদনকারী প্রতিষ্ঠান ২টির লাইসেন্স ইতোমধ্যে বাতিল করা হয়েছে। অন্যদিকে নানা অভিযোগে ১২টি প্রতিষ্ঠানের ভোজ্য তেল উত্পাদন ও বাজারজাতকরণ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এ অবস্থায় দুদকের দু’টি টিম গতকাল শান্তিনগর, কাওরান বাজার ও সেগুনবাগিচা এলাকার সুপারস্টোর সমূহে অভিযান চালায়। এতে দেখা যায়, দুদকের নজরদারির ফলে বাজারে নিষিদ্ধ ঘোষিত তেলের বিপণন বন্ধ রয়েছে।

এ অভিযান প্রসঙ্গে দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, লাইসেন্স স্থগিত করা মানে দায়িত্ব শেষ হয়ে যাওয়া নয়। এক্ষেত্রে বাজারে কঠোর নজরদারি প্রয়োজন। শিগগিরই অবৈধ উত্পাদিত ভোজ্য তেলের বিরুদ্ধে দুদকের সহায়তায় মোবাইল কোর্ট অভিযান চালানো হবে।