পাকশীতে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩২

ঈশ্বরদীর পাকশীতে একটি আবাসিক হোটেল থেকে তানভির রহমান (৪৫) নামের একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তানভীর পেশায় ব্যবসায়ী বলে পুলিশ নিশ্চিত করেছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের ইপিজেডের  সামনে ‘পাকশী হোটেল’ এর ৪০৪ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত তানভির রহমান ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক প্রকল্প এলাকায় ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।  

তানভীর ঢাকার পশ্চিম রামপুরা এলাকার ১৯ নম্বর বাড়ির মৃত রায়হানুল হকের ছেলে। তবে রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা সাগরপাড়াতে তিনি পরিবার নিয়ে বসবাস করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ জানান, ২২ জুলাই রাতে তানভীর রায়হান পাকশীর ঐ হোটেলটিতে উঠেন। শুক্রবার হোটেলের বয় রুম পরিষ্কারের জন্য গেলে ভেতর থেকে বন্ধ ছিল। বেশ কিছুসময় ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ এসে ঐ কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে খাটের এক পাশে বসা অবস্থায় তানভীরের লাশ দেখতে পায়।

তানভীরের মামা, ওমর কবির পরিবারের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে হার্টের রক্তনালিতে ব্লক জনিত সমস্যাসহ নানা রোগে তানভীর ভুগছিলেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।