মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ছোটো কুমারখালী গ্রামে আওয়ামী লীগ কর্মী সালাম সরদার খুনের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। নিহতের চাচাতো ভাই মোসলেম সরদার বাদী হয়ে শুক্রবার এ মামলা দায়ের করেন। পুলিশ মামলার প্রধান আসামি আটক মন্টু মোল্লাসহ দুই জনকে গ্রেফতার করেছে।
জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে মন্টু মোল্লার নেতৃত্বে ঐ গ্রামের ২০/২৫ জন ছয় বাড়িতে সিঁধ কেটে, ঘরের বেড়া ভেঙে একযোগে সশস্ত্র হামলা চালায়। হামলায় আওয়ামী লীগ কর্মী সালাম সরদার নিহত হয়। আহত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী শামীম সরদার, তার স্ত্রী জান্নাতি বেগম, বাবা ইসমাইল সরদার, রাকিব সরদার, মোজাম সরদার, লোকমান সরদার ও মঞ্জু বেগম খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
জমি-জমা ও রাজনৈতিক শত্রুতার কারণে পরিকল্পিতভাবে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন নিহত সালাম সরদারের স্ত্রী রেক্সনা বেগম।
তিনি বলেন, ২০০১ সালে জাতীয় নির্বাচন চলাকালে জামায়াত-বিএনপির কর্মীদের হাতে আওয়ামী লীগ কর্মী এনায়েত সিকদার নিহত হন। ঐ মামলার আসামিরা এ হামলা চালিয়েছে।
ঐ ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদ হোসেন স্বপন জানান, নিহত সালাম সরদার একজন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাদের জানান, মামলায় ইউসুফ মোল্লার ছেলে মন্টু মোল্লাসহ ১৫ জন আরো অজ্ঞাত ২০/২৫ জন আসামি রয়েছে।
থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানান, মামলার প্রধান আসামি মন্টু মোল্লা ও ফয়সাল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
