শাহজাদপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত এক

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৩৬

বিরোধপূর্ণ জায়গায় ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহজাদপুরে একজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চরাচিথুলিয়া গ্রামের চাঁদ আলী ফকির ও তার চাচাতো ভাই গাজী ফকিরের মধ্যে বাড়ির জায়গা নিয়ে আদালতে মামলা চলছিল। বৃহস্পতিবার নালিশী জমির ওপর গাজী ফকির জোর করে ঘর তুলতে গেলে চাঁদ আলী ফকির বাধা দেয়। এ দিন সন্ধ্যায় গাজী ফকির ও তার ভাই রশীদ ফকির লোকজন সাথে করে দেশীয় অস্ত্র নিয়ে চাঁদ ফকিরের ওপর হামলা চালায়। ভাইকে রক্ষা করতে এসে আলম ফকির হামলার শিকার হন। গুরুতর  আহত চাঁদ ফকির ও আলম ফকিরকে উপজেলা বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক চাঁদ ফকিরকে মৃত ঘোষণা করেন।

লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য পুলিশ থানায় নিয়ে আসে।

এদিন রাতেই নিহত চাঁদ আলী ফকিরের বড়ো ছেলে সুজন ফকির বাদী হয়ে ১২ জনসহ আরো সাত/আট জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।