নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারকা ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং সাকিব আল হাসান আজ রবিবার আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করবেন। মাশরাফি তার নিজের এলাকা নড়াইল-২ আসনের জন্য ফরম নেবেন আর সাকিব নেবেন মাগুরা-১ আসনের জন্য।
জানা গেছে, এই দুই তারকা ক্রিকেটারের সঙ্গে গতকাল শনিবার বেলা ১২টার দিকে ফোনে কথা হয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। তারা জানিয়েছেন, রবিবার আসবেন ফরম নিতে। মাশরাফি ও সাকিবের ভোটে অংশ নেওয়ার বিষয়টি গত ২৯ মে প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যদিও ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির মুহূর্তে রাজনীতিতে নেমে ভোটে দাঁড়ানো নিয়ে নানা কথা উঠার পর দুই দিন পর ওবায়দুল কাদের জানিয়েছিলেন বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে আছে। তবে তিনি সে সময় এটিও জানান, এবার আওয়ামী লীগের প্রার্থী তালিকায় চমক থাকবে। ওবায়দুল কাদের সেদিন বলেন, ‘পৃথিবীর সব দেশেই সেলিব্রেটিদের মনোনয়ন দেওয়া হয়। তাদেরও একটা আকাঙ্ক্ষা থাকে; তারা দেশের জন্য সম্মান এনেছেন।’
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। ধানমন্ডির কার্যালয়ে এই কার্যক্রম চলছে। মাশরাফি নড়াইল এবং সাকিব মাগুরা থেকে নির্বাচনে অংশ নিতে চান বলে আওয়ামী
লীগের পক্ষ থেকে জানানো হয়। জাতীয় ক্রিকেটে ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ক্রিকেটের পাশাপাশি নিজের এলাকায় জনকল্যাণ-মূলক কাজে ইতোমধ্যে জড়িয়েছেন। গত বছর তিনি গড়ে তোলেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠান। এর উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে নড়াইলের উন্নয়ন করা।
