আগামী ১২ আগস্ট সোমবার পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। গতকাল শুক্রবার বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
সভা শেষে জানানো হয়, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে ১০ জিলহজ, ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। পবিত্র জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে হালাল পশু দিয়ে কোরবানি করা যাবে। প্রায় সাড়ে চার হাজার বছর আগে মহান আল্লাহ পাক হযরত ইব্রাহীমের (আ) ইমানের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে তাঁর প্রিয়তম পুত্র হযরত ইসমাইলকে (আ) কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। হযরত ইব্রাহীমের (আ) সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার স্মরণে এ দিন সচ্ছল মুসলিমরা তাকওয়া প্রকাশের জন্য পশু কোরবানি করে থাকেন।
এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশ জিলহজের চাঁদ দেখা যায়। আরব নিউজের খবরে বলা হয়, এবার মুসলমানদের পবিত্র হজ ৯ আগস্ট শুক্রবার শুরু হবে। পরদিন শনিবার হাজিরা ‘লাব্বাইকাল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে আরাফাতের ময়দানে সমবেত হবেন। আর ১১ আগস্ট মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশে নতুন চাঁদ দেখা যায়। এজন্য বাংলাদেশে ঈদ একদিন পরেই উদ্যাপন করা হয়।
