পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়াতে বাংলাদেশের মশার ভূমিকা থাকতে পারে :মমতা

আপডেট : ০২ আগস্ট ২০১৯, ২১:৫৭

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়ানোয় বাংলাদেশের মশার ভূমিকা থাকতে পারে। গত বৃহস্পতিবার কলকাতার বিড়লা তারামণ্ডল থেকে নজরুল মঞ্চ পর্যন্ত ‘সবুজ বাঁচাও’ পদযাত্রা অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু হলে এখানে তার প্রভাব পড়ে। তাই সীমান্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। কারণ সীমান্ত এলাকার মশা ওপার থেকে এপারে আসে, এপার থেকে ওপারে যায়। দুই পারের অনেক লোকও যাতায়াত করে।’ তাই সব মিলিয়ে ডেঙ্গু সংক্রমণের প্রবণতা বাড়তে পারে। পশ্চিমবঙ্গে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত এলাকা উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হাবড়া। কলকাতায়ও বেশ কয়েক জন আক্রান্ত হয়েছে। পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কায় মমতার এই সতর্কতা। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।