নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বস্তির প্রায় ৭০টি ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। গতকাল শুক্রবার ভোররাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে সদর উপজেলার ফতুল্লা থানাধীন জেলা পরিষদ কার্যালয় এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদমারী বস্তি এলাকায় একটি জলাধারের ওপর মুলি বাঁশ ও টিন দিয়ে তৈরি ভাসমান অবস্থায় গড়ে ওঠা এই বস্তিতে অন্তত ৭০টি ঘর ছিল। কিছু ঘরে গার্মেন্টের ঝুটসহ বিভিন্ন ধরনের মালামালের গোডাউন ছিল। অপর ঘরগুলোতে লোকজন বসবাস করে। গতকাল ভোর সাড়ে ৩টার দিকে হঠাত্ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ২০ থেকে ৩০ ফুট ওপরে উঠে যায়। আগুনের তীব্রতায় ঘর থেকে কেউ মালামাল বের করতে পারেনি। চোখের সামনে পুড়তে থাকে ঘরে থাকা আসবাবপত্র ও গোডাউনের মালামাল। বস্তিবাসীরা দ্রুত ঘর থেকে বেরিয়ে লিংক রোডে এসে অবস্থান নেয়। বন্ধ হয়ে যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল। প্রায় এক ঘণ্টা ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল। বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় আগুনে সেটি বিস্ফোরিত হওয়ার আশঙ্কায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কিন্তু ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় রক্ষা পায় সিএনজি স্টেশনটি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সাতটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পুরো ঘটনাটি তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
