মানিকগঞ্জ ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে সিসি ক্যামেরা

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০০:০৪

পুরো জেলা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়ককে আনা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। অপরাধ কমাতে মানিকগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে এ উদ্যোগ। শহরের গুরুত্বপূর্ণ স্থান, প্রশাসনিক এলাকা ও ঢাকা-পাটুরিয়া সড়কে স্থাপন করা হয়েছে পর্যাপ্ত সিসি ক্যামেরা। এতে করে দুর্নীতি, অপরাধ চিহ্নিতকরণ এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে সনাক্ত করে আইনের আওতায় আনা যাবে বলে মনে করছেন পুলিশ সুপার রিফাত রহমান শামিম।

পুলিশ সুপার জানান, সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা স্বচ্ছভাবে পৌঁছে দিতে প্রতিটা থানা কম্পাউন্ডে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা, যেগুলো অপটিক্যাল ফাইবার দ্বারা জেলা পুলিশের কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রিত। এছাড়া মানিকগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ এলাকার ১৬টি পয়েন্টে মোট ৩৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

সদর হাসপাতাল গেটে একটি, খালপাড়ে চারটি, কোর্ট চত্বরে দুটি, সরকারি বালক উচ্চ বিদ্যালয় মোড়ে দুটি, তৃপ্তি প্লাজায় দুটি, প্রেসক্লাবে দুটি, পুরোনো এপেক্সে দুটি, শাহজালাল ব্যাংকে দুটি, বাজার ব্রিজে দুটি, গঙ্গাধরপট্টি মন্দির রোডে দুটি, স্টেডিয়াম মোড়ে দুটি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মোড়ে দুটি, স্বর্ণকারপট্টি মোড়ে দুটি, বেউথা মোড়ে তিনটি, বেউথা ব্রিজের গোল চত্বরে একটি এবং জরিনা কলেজ মোড়ে তিনটি। এছাড়া মানিকগঞ্জ পুলিশ অফিসে পাঁচটি, সদর থানা কম্পাউন্ডে আটটি, হরিরামপুর থানায় সাতটি, ঘিওর থানায় চারটি, দৌলতপুর থানায় ছয়টি, শিবালয় থানায় আটটি, সাটুরিয়া থানায় আটটি এবং সিংগাইর থানা কম্পাউন্ডে ছয়টি সিসি ক্যামেরা স্থাপন হয়েছে।

ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের সীমানায় সাটুরিয়া থানাধীন বারবারিয়া থেকে শিবালয় থানাধীন পাটুরিয়াঘাট পর্যন্ত মহাসড়কের ২০টি পয়েন্টে মোট ৫৬টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বারবারিয়ায় দুটি, রাইজিংয়ে দুটি, নয়াডিঙ্গিতে চারটি, তারসিমায় দুটি, গোলড়ায় তিনটি, জাগীর পুলিশ চেকপোস্টে একটি, জেলা কারাগারের পাশে দুটি, বাসস্ট্যান্ড এলাকায় পাঁচটি, মানরায় দুটি, মুন্নুগেটে দুটি, বানিয়াজুরিতে তিনটি, পুখুরিয়ায় দুটি, স্টোন ব্রিজ এলাকায় দুটি, মহাদেবপুরে দুটি, বরংগাইলে তিনটি, টেপড়াতে দুটি, উথলীতে দুটি, আরিচা মোড়ে দুটি, আরসিএল মোড়ে দুটি এবং পাটুরিয়াঘাট এলাকায় ১০টি। সর্বমোট ১৪২টি সিসি ক্যামেরা পুরো জেলা ও ঢাকা-পাটুরিয়া সড়কের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে।