নদী শাসন হতে হবে বিজ্ঞানভিত্তিক

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ০০:০৫

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, নদী শাসন হতে হবে বিজ্ঞানভিত্তিক। এক পক্ষকে রক্ষা করতে গিয়ে যেন অপর পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তিনি শুক্রবার সকালে লৌহজং উপজেলার খড়িয়া গ্রামের নদীভাঙন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন। সম্প্রতি খড়িয়া গ্রামটি পদ্মা নদীর ব্যাপক ভাঙনের শিকার হয়ে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়েছে। এর পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙনরোধে ব্যবস্থা নিয়েছে। সেই সঙ্গে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে নদীর স্রোত ঘুরিয়ে দেওয়ারও চেষ্টা করছে। এতে এখন খড়িয়া গ্রাম ভাঙন থেকে রক্ষা পেলেও নদীর সে াত এখন ১ নম্বর খড়িয়া, দক্ষিণ হলদিয়া ও সিংহেরহাটি গ্রাম তিনটিতে আঘাত করছে।

এছাড়া শিমুলিয়া ঘাটের কাছে জেগে ওঠা চর ড্রেজার দিয়ে কাটার ফলে একদিকে যেমন ফসলি জমি বিলীন হচ্ছে, অন্যদিকে নতুন করে বাড়িঘরও নদীভাঙনের মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত মানুষ অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেন। এরই পরিপ্রেক্ষিতে মাহবুবে আলম উপরোক্ত বক্তব্য দেন। তিনি আরও বলেন, আমি এ এলাকার ভাঙনরোধে প্রধানমন্ত্রী ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।