সাভারে যৌতুকের জন্য স্বামীর মারধর ও নির্যাতন সহ্য করতে না পেরে মামলা দায়ের করায় বিপাকে পড়েছেন পোশাকশ্রমিক এক গৃহবধূ। এতদিন যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে এলেও এবার মামলা তুলে নেওয়ার জন্য ঐ গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ কোহিনূর আক্তারের পিতা শাহজাহান মিয়া বাদী হয়ে আশুলিয়া থানায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। মামলায় গৃহবধূর স্বামী মো. ফারুক হোসেন (৩৫) ও দেবর বাবুল হোসেনকে (৩৩) আসামি করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে ফারুকের নির্যাতনে অতিষ্ঠ কোহিনুর স্বামীর বিরুদ্ধে ২০১৭ সালে আদালতে একটি নারী ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এরপর গত দুই বছর যাবত্ ঐ গৃহবধূ তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। গত ৭ জুন ফারুক ও দেবর বাবুল তাকে রাস্তায় ফেলে বেদম মারধর করে।
