রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান ড. এ কে আব্দুল মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন ড. এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। রোহিঙ্গা সংকট সমাধানে ভারত সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন ড. এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আসিয়ানের ২৬তম সম্মেলনের ফাঁকে কানাডা, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।
