৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছাবে না, প্রস্তুতি শেষ পর্যায়ে

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:৪৭

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে এই পরীক্ষাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে একদল চাকরিপ্রার্থীর পরীক্ষা স্থগিতের দাবির মুখে পিএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, পরীক্ষা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে গত ১৮ জানুয়ারি ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে একদল চাকরিপ্রার্থী ২১ জানুয়ারি থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সরকারি চাকরির পরীক্ষা স্থগিতের জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি প্রদান করেন।

তবে এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিসিএস পরীক্ষা পূর্বঘোষিত তারিখ অনুযায়ী নির্দিষ্ট সময়েই অনুষ্ঠিত হবে। সরকারি কর্ম কমিশন সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। স্থগিতের কোনো সুযোগ নেই।’

এবারের বিসিএসে আবেদন জমা পড়েছে ২ লাখ ৯০ হাজার ৯৫১টি, যা বিগত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কম। ৪৭তম বিসিএসেও আবেদনকারী ছিল ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন। ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের মধ্যে সর্বোচ্চ ৬৫০ জন নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২০০ জন ও পুলিশে ১১৭ জন নিয়োগ পাবেন। নন-ক্যাডারের ৩৯৫টি পদের মধ্যে নবম গ্রেডে রয়েছে ৭১টি পদ।

ইত্তেফাক/এমএএস