পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনপ্রিয়তা তুঙ্গে নিয়ে যেতে টুইটারে হ্যাশট্যাগ ‘# আমারগর্বমমতা’ প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অনেকটা ২০১৪ সালের ‘অব কি বার মোদি সরকার’ মডেলে।
জানা গেছে, এর পেছনে রয়েছে ভোটগুরু প্রশান্ত কিশোর। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য রণনীতি তৈরি করছেন তিনি। কয়েকদিন আগেই জনগণের অভিযোগ জানাতে ‘দিদিকে বলো’ কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। সেখানে প্রথম দিনেই এসেছে লক্ষাধিক ফোন কল। ২০১৪ সালে এভাবেই বিজেপি দলকে ছাপিয়ে নেতা নরেন্দ্র মোদিকে মুখ্য করে তুলেছিলেন প্রশান্ত। সেই ছকে এবার মমতার ক্ষেত্রেও সাফল্য আনতে চাইছেন প্রশান্ত কিশোর। তৃণমূলের তরফে টুইটে বলা হয়েছে, ‘দিদি আমাদের জন্য লড়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের জন্য নিরলস পরিশ্রম করছেন। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের গর্ব আমাদের দিদি। হ্যাশট্যাগ ‘#আমারগর্বমমতা’ কমেন্ট করে জানান কেন আপনি দিদিকে নিয়ে গর্বিত।
