অনিশ্চয়তার মুখে বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলা। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বাংলাদেশ। ভারট থেকে শ্রীলঙ্কা ভেন্যু সিরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে ভারতেই খেলতে হবে।
তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ দিকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। এরপর সরকারের পরামর্শ অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিবি।
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন জাতীয় দলে খেলা এনামুল হক বিজয়। তার মতে, খেলাকে সবকিছুর উর্ধ্বে রাখা উচিত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে বিজয় লিখেছেন, ‘একটি বিশ্বকাপে খেলা পুরো দেশের স্বপ্ন, একজন ক্রিকেটারের স্বপ্নই থাকে বিশ্বকাপে খেলা, পরবর্তী প্রজন্মের স্বপ্ন বিশ্বকাপে খেলা। খেলা-ধূলা সবকিছুর উর্ধ্বে।’
এ দিকে বিশ্বকাপ দলে থাকা অলরাউন্ডার মেহেদী হাসানের মতে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চাইবে, কিন্তু বিসিবি-সরকার যা বলবে সেটাই করা উচিত, ‘দেখেন খেলোয়াড় হিসেবে কে চাইবে না বিশ্বকাপ খেলতে? সবাই চাইবে বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। সরকারেরও একটা সিদ্ধান্ত আছে। আসলে তারা আমাদের অভিভাবক। তারা আমাদেরকে যেটা বলবে আমার কাছে মনে হয় খেলোয়াড় হিসেবে আমাদের সেটাই করা উচিত।’
