দেশের প্রথমসারির প্রকাশনা প্রতিষ্ঠানের সর্বাধিক বিক্রীত বই নিয়ে ঈদুল আজহা উপলক্ষ্যে বিশেষ বইমেলা শুরু হয়েছে। ‘বেস্ট সেলার বই উত্সব ২০১৯’ শিরোনামের এ উত্সব রাজধানীর কাঁটাবনে ১০৯ কনকর্ড মার্কেটের নিচতলায় গতকাল শুক্রবার বিকালে শুরু হয়।
মেলায় সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড়ে বিক্রি হচ্ছে বেস্ট সেলার বইগুলো। মেলায় অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অনন্যা, অনুপম প্রকাশনী, কাকলী প্রকাশনী, সন্দেশ, পার্ল পাবলিকেশন্স, অনিন্দ্য প্রকাশ, চারুলিপি প্রকাশন, নালন্দা, ভাষাচিত্র, বাংলানামা, নওরোজ কিতাবিস্তান, শব্দশৈলী, মুক্তদেশ প্রকাশন, আদর্শ, আফসার ব্রাদার্স, মম প্রকাশ, পাললিক সৌরভ, এশিয়া পাবলিকেশন্স, অক্ষর প্রকাশনী, বিভাস ইত্যাদি। আয়োজকরা জানান, ঈদ আয়োজনে উপহার হিসেবে বইকে জনপ্রিয় করার জন্যই এই উদ্যোগ। একইসঙ্গে বেস্ট সেলার বইগুলোকে আরো বেশি পাঠকের হাতে তুলে দেওয়ার জন্য সর্বোচ্চ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে এ মেলায়। মেলা চলবে ১০ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। এছাড়া বইমেলায় পাঠকের জন্য রয়েছে শুভেচ্ছা উপহার।
