রাজধানী ঢাকাসহ জেলা-উপজেলা পর্যায়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিত্সাসেবা নিশ্চিত করতে বিশেষজ্ঞ চিকিত্সকদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বাত্মক সহযোগিতা ও সর্বোচ্চ চিকিত্সাসেবা নিশ্চিত করতেই এ মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত হয়।
গতকাল শুক্রবার রাতে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ বাস্তবায়নে বিশেষজ্ঞ চিকিত্সকদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় বিশেষজ্ঞ চিকিত্সকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি, বিএমএর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিত্সক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান, বিএমএর সহ-সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূইয়া, ডা. বদীউজ্জামান ভূইয়া ডাবলু প্রমুখ। বৈঠক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, ডা. রোকেয়া সুলতানা, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন প্রমুখ।
