ডেঙ্গু প্রতিরোধ ও অ্যাডিস মশার উত্সস্থল ধ্বংসে এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৬, ৭ ও ৮ আগস্ট রাজধানীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নামবেন ১৪ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ জোটের সর্বস্তরের নেতাকর্মীরা। একইসঙ্গে অ্যাডিস মশার বংশ বিস্তার রোধে জনগণকে সচেতন করার জন্য প্রচারপত্রও বিলি করবেন নেতৃবৃন্দ। ছয় আগস্ট বেলা ১১টা থেকে এই অভিযান শুরু হবে। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি ঢাকা মহানগরীতে জোটের সর্বস্তরের নেতাকর্মীদের ঘোষিত তিন দিনের ডেঙ্গু বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
