রাজধানীর মগবাজারে বিয়ের আসরে কনের বাবা তুলা মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা করেছে তার পরিবার। মামলায় খুনের অভিযোগ এনে বখাটে যুবক সজীব আহমেদ রকিকে আসামি করা হয়েছে। তেজগাঁও বিভাগের হাতিরঝিল থানায় বৃহস্পতিবার রাতে তুলা মিয়ার ছেলে বাদী হয়ে মামলাটি করেন।
হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ জানান, সজীব গতকাল বিকালে দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জবানবন্দিতে সজীব বলেছেন, বিয়ের কনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বিয়ে সহ্য করতে না পেরে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার মগবাজারের দিলু রোডে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে কনের বাবা তুলা মিয়া ও মা ফিরোজা খাতুনকে ছুরিকাঘাত করে সজীব। এ ঘটনায় তুলা মিয়া চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গুরুতর জখম নিয়ে কনের মা বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
ঘটনার পর সজীবকে গণপিটুনি দেয় বিয়েতে আগতরা। পরে তাকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়।
