বাংলাদেশে যখন মশাবাহিত ডেঙ্গু রোগ নিয়ে তোলপাড় চলছে তখন যুক্তরাষ্ট্রে মশাবাহিত নতুন রোগ ট্রিপল-ই নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। দেশটির স্বাস্থ্য অধিদপ্তর এই রোগকে মারাত্মক ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে। এই রোগে মস্তিষ্কের বৃদ্ধিসহ নানা ধরনের ক্ষতি হয়। এমনকি মৃত্যুও ঘটতে পারে।
মিয়ামি হেরাল্ড জানায়, নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে বলা হয়, ‘ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস (ইইই)’ যা ট্রিপল-ই নামে পরিচিত। এই ভাইরাস খুবই বিরল, তবে মারাত্মক। মশার মাধ্যমে এটি মানুষকে সংক্রামিত করে। সেন্টার ফর ডিজেসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, বছরে সাতজন মানুষের দেহে এই রোগের লক্ষণ ধরা পড়েছে। মশার কামড়ের ৪ থেকে ১০ দিনের মধ্যে টের পাওয়া যায়।
ট্রিপল-ইতে আক্রান্তের লক্ষণ হিসেবে নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে বলা হয়, সাধারণত হঠাত্ মাথাব্যথা, উচ্চ জ্বর, ঘাড় শক্ত হওয়া, পেশী দুর্বলতা, কাঁপুনি, খিঁচুনি, পক্ষাঘাত, মস্তিষ্কের প্রদাহ (এনসেফালাইটিস), মস্তিষ্ক এবং মেরুদন্ডের ঝিল্লি দেখা দেয়। এছাড়া রোগী কোমায়ও চলে যেতে পারেন। এই রোগের নির্দিষ্ট কোনো চিকিত্সা পদ্ধতি আবিষ্কার হয়নি।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাত শহরে সতর্কতা জারি করা হয়েছে। সিএনএনের প্রতিবেদনে জানা গেছে, এ বছর ৯২টি মশার শরীরে এই ভাইরাস শনাক্ত করা গেছে। সংক্রমিত এসব মশার মাধ্যমে ভাইরাস মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারেগত বুধবার ম্যাসাচুসেটসের গণস্বাস্থ্যবিভাগ বিষয়টি নিশ্চিত করে। গণস্বাস্থ্য কমিশনার মোনিকা ভারেল বলেন, এই ভাইরাসের কারণে আমরা ঝুঁকির মধ্যে আছি। ঝুঁকির মাত্রা বাড়ছে। এটা এখন আতঙ্ক। যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরে ট্রিপল-ই ভাইরাস পাওয়া গেলেও সাম্প্রতিক সময়ে তা মারাত্মক হতে পারে। এক কর্মকর্তা বলেন, এ বছর আমরা ট্রিপল-ইকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
