ভারত সরকার যে কোনো ব্যক্তিকে সন্ত্রাসবাদী ঘোষণা করতে পারবে। গতকাল এ সংক্রান্ত একটি বিল পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়ও পাস হয়েছে। বিলটি ‘বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন সংশোধনী বিল (ইউএপিএ)’ নামে পরিচিত। এর আগে লোকসভায়ও বিলটি পাস হয়েছিল। এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ স্বাক্ষর করলেই তা আইনে পরিণত হবে। এর ফলে সন্দেহের বশে কোনো ব্যক্তিকেও সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে গ্রেফতার করা যাবে। ১৯৬৭ সালের ইউএপিএ আইন অনুযায়ী এতদিন কোনো সংগঠন সন্ত্রাসী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকলে, সন্ত্রাসী কাজকর্মের প্রস্তুতি নিলে এবং তাদের মাধ্যমে কোনোভাবে সন্ত্রাসবাদের প্রচার হলে ওই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করতে পারতো ভারত সরকার। সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যের ডিজি’র অনুমতি নিয়ে ওই সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারতো জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিরোধীরা নতুন আইনের অপব্যবহারের আশঙ্কা করলেও সরকার তা নাকচ করে দিয়েছে। -- আনন্দবাজার পত্রিকা
