জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশন ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি, তারা ডেঙ্গু নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে সেগুলো অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ক্ষমার অযোগ্য। গতকাল শুক্রবার রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ড্যাব নেতা ডা. ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ফখরুল বলেন, আমরা মনে করি ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা গ্রহণ করা উচিত। দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে। এর বিস্তার রোধ না করতে পারলে এটি ভয়াবহ রূপ ধারণ করবে। তিনি বলেন, আমরা মনে করি অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরিভিত্তিতে এ সমস্ত সমস্যার সমাধান করা দরকার। সরকারের উচিত হবে আর কালবিলম্ব না করে চিকিত্সকদের পরামর্শ এবং সবার সহযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবিলায় কাজ করা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক এ কে এম আজিজুল হক, ড্যাবের নেতা অধ্যাপক হারুন আল রশিদ, অধ্যাপক আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. জহিরুল ইসলাম সাকিল, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
খালেদা জিয়ার মুক্তি দাবিতে মহিলাদলের মিছিল
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করে। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কাছে এসে শেষ হয়। মিছিল শেষে সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মশা নিধনে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে অথচ সিটি করপোরেশনের ওষুধে মশা মরছে না। কোটি টাকা লোপাট করে ঢাকার দুই সিটি করপোরেশন এখন নিজেরাই ‘গার্বেজে’ পরিণত হয়েছে।
