ভারত থেকে মশার যে ওষুধ আনার সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন সেটার পরীক্ষামুলক ব্যবহার (ফিল্ড-টেস্ট) করা হয়েছে। তবে এ ওষুধ ব্যবহারের জন্য অধিকাংশ মেশিন উপযোগী নয়। ওই ওষুধটি আমদানি করলে ওষুধ ব্যবহারের জন্য দুই সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধিকাংশ মেশিন পরিবর্তন করতে হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, শুক্রবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের বারান্দায় বায়ার করপোরেশন নামে ভারতীয় কোম্পানির ‘Aque k Delthrean (Deltamethrin) 2%EW’ নামের ওষুধটির নমুনা পরীক্ষা করা হয়। ওষুধটি জার্মানির তৈরি। ওই ওষুধটি পানির সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হয়। কিন্তু বর্তমানে সিটি করপোরেশন যেসব মেশিন ব্যবহার করছে, সেগুলো ডিজেল মিশ্রিত ওষুধ ব্যবহারের উপযোগী। এসব মেশিনে পানির মিশ্রণে তৈরি ওষুধ ব্যবহার করা যায় না।
ডিএসসিসি’র সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, ডিএসসিসি’র অধিকাংশ মেশিন ডিজেলে তৈরি ওষুধের জন্য প্রযোজ্য। পানি দিয়ে তৈরি ওষুধ এ মেশিনে সাপোর্ট করে না। আর এ ওষুধটি পানি দিয়ে তৈরী করতে হয়। তবে এখনও ওই ওষুধের রিপোর্ট পাওয়া যায়নি। কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়নি। সবেমাত্র ফিল্ড টেস্ট হয়েছে। জানা গেছে, বর্তমানে মশার ওষুধ ছিটানোর জন্য ডিএসসিসির ৯৪০টি মেশিন রয়েছে। এরমধ্যে ৪৪২টি হস্তচালিত, ৪৪৭টি ফগার ও ৫১টি হুইল ব্যারো মেশিন। এ ওষুধটি সাপোর্ট করার মতো মেশিন রয়েছে মাত্র ১০০টি।
