গায়ের জোরে দেশ চলবে না, এমন সরকার চাই: মাহমুদুর রহমান মান্না

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ১৯:২৬

গায়ের জোরে দেশ চালাবে না এমন সরকার চাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন ঢাকা-১৮ (বৃহত্তর উত্তরা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শুক্রবার (২৩ জানুয়ারি) নিজ আসনে নির্বাচনী গণসংযোগে তিনি এ আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, যারা ক্ষমতায় যাবেন তার কাছে আমরা আমাদের অভাব অভিযোগ বলবো। আমাদের এলাকা কী করলে ভালো হয় সে সম্পর্কে বলবো। কীভাবে আমাদের অভাব দুর হয়, চিকিৎসার ব্যবস্থা হয়, ছেলে মেয়েদের লেখাপড়ার ব্যবস্থা হয় সেই রকম একটা দেশ আমরা গড়ে তুলতে চাই।

নাগরিক ঐক্যের সভাপতি জানান, সরকারের কাছ থেকে নিজের পাওনা বুঝে নিতে হবে। বেকার ভাতা, দুঃস্থ ভাতা, মহিলা ভাতা এসবের ক্ষেত্রে ঘুষ যেন না দিতে হয় এমন ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। 

তিনি বলেন, এই নির্বাচনে আমরা এমন একটা সরকার চাই, যেই সরকার আমাদের ২৪ এর আশা-আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে। ন্যায্যতা প্রতিষ্ঠা করতে আমরা এতদিন ধরে লড়াই করেছি, এখন ভোটের সময় এসেছে আমরা এমন একটা সরকার গঠন করতে চাই যেখানে দুর্বৃত্ত জায়গা পাবে না। গায়ের জোরে আগের মতো কিছু চলবে না বরং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে সমাজ, দেশের শাসন চলবে। 

তিনি আরও বলেন, কে মন্ত্রী হবে, এমপি হবে সেই লড়াই পরে। আসুন সবাই মিলে দেশ গড়ি। যেভাবে মুগ্ধ, আবু সাঈদরা জীবন দিয়েছে তাদের জীবনের সম্মান দিতে হবে। তাদের জীবনের মাধ্যমে আরও উন্নত জীবন পাওয়া গেলেই কেবল তাদের সম্মান দেখানো সম্ভব। 

ইত্তেফাক/এমএএস