বিপিএলের ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান তামিম। বিপিএলের ইতিহাসে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার। তার সেঞ্চুরিতে ভর করে শক্ত পুঁজি পেয়েছে রাজশাহী। চট্টগ্রাম রয়্যালসকে ১৭৫ রানের টার্গেট দিয়েছে পদ্মাপাড়ের দলটি।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজশাহী। তানজিদ তামিমের আগ্রাসী ও সাহিবজাদার ধৈর্য্যশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। ৩০ বলে ৩০ রান করে আউট হন ফারহান।
এরপর ক্রিজে আসা কেইন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়েন তানজিদ তামিম। শরীফুল ইসলামের বলে আউট হওয়ার আগে ১৫ বলে ২৪ রান করেন উইলিয়ামসন।
একপ্রান্তে আগ্রাসী ব্যাটিং ৬১ বলে সেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। ৬২ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১০০ রান করে আউট হন তিনি।
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করেছে রাজশাহী। নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে আসে ১১ রান। এছাড়া ৭ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।

