‘তারেক জিয়ার সালাম নিন-ফুটবল মার্কায় ভোট দিন’— এমন স্লোগানকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক ও ফুটবল মার্কার সমর্থকদের মধ্যে হট্টগোলের খবর পাওয়া গেছে। এই ঘটনায় হাতাহাতিতে অন্তত ৩ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গৌরনদীর সরিকল বন্দরে এই ঘটনা ঘটে।
বিএনপির একাধিক নেতাকর্মী ও স্থানীয়রা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। শুক্রবার দুপুরে সমর্থকদের নিয়ে বন্দর এলাকায় নির্বাচনী গণসংযোগে আসেন। এ সময় সোবাহানের সমর্থকরা ‘তারেক রহমানের সালাম নিন-ফুটবল মার্কায় ভোট নিন’ স্লোগান দিতে থাকেন।
এ ঘটনায় গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিপ্লব হোসেনসহ কয়েকজন বিএনপি নেতাকর্মী প্রতিবাদ করলে দুপক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের তিনজন আহত হন।
তবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের দাবি, সরিকল এলাকায় জনসংযোগ কালে বিএনপি নেতাকর্মীরা তার সমর্থকদের উপর হামলা চালিয়েছে। এতে তার ৫ কর্মী আহত হয়েছে।
তাছাড়া ‘তারেক জিয়ার সালাম নিন-ফুটবল মার্কায় ভোট দিন’ স্লোগানের অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন তিনি।
গৌরনদী থানার ওসি তারেক হাসান রাসেল বলেন, উত্তেজনাপূর্ণ স্লোগানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

